টুইটকে বিবৃতি অপসাংবাদিকতা : তথ্যমন্ত্রী
পান থেকে চুন খসলেই বিদেশি রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থার টুইট বা কিছু একটা মন্তব্য করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতি নাক গলানোর শামিল বলে মন্তব্য করে সেগুলোকে বিবৃতি হিসেবে প্রচারকে অপসাংবাদিকতা হিসেবে উল্লেখ করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, দেখুন, আমি খুব আশ্চর্য হয়েছি যে জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টুইটকে জাতিসংঘ ও অ্যামনেস্টির বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। এভাবে প্রচার বা সংবাদ তৈরি করা, দিস ইজ ম্যালইনফরমেশন, অপসাংবাদিকতা।
তিনি প্রশ্ন রেখে বলেন, আমি যদি একটি টুইট করি বা স্ট্যাটাস দিই, সেটি কি সরকারের বক্তব্য হবে? আমি তো তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক। কাজেই জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো টুইটকে তাদের বিবৃতি বা উদ্বেগ হিসেবে প্রচার করা সমীচীন নয়। এটি অপসাংবাদিকতার পরিচয়। এগুলো থেকে বিরত ও সতর্ক থাকতে আমি সবাইকে অনুরোধ করবো।







